|

চট্টগ্রাম থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে পাহাড়ী শহর বান্দরবানের অবস্থান। এ জেলার আয়তন ৪৪৭৯ বর্গ কিলোমিটার। বান্দরবান জেলার উত্তরে রাঙ্গামাটি জেলা, দক্ষিণে আরাকান (মায়ানমার), পূর্বে ভারতের মিজোরাম ও মায়ানমার, পশ্চিমে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা। বান্দরবান জেলা এর নৈসর্গিক বৈচিত্র্যের জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিনডং (উচ্চতা ১০০৩ মিটার) বান্দরবান জেলায় অবস্থিত, যা বিজয় বা মদক মুয়াল নামেও পরিচিত। দেশের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ কেওক্রাডং (উচ্চতা ৮৮৩ মিটার) এবং সর্বোচ্চ খাল রাইখিয়াং এই জেলায় অবস্থিত। এখানকার অন্য দুটি দর্শনীয় স্থান হল চিম্বুক পাহাড় ও বগা লেক। এ জেলার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে , সাংগু ও মাতামুহুরী নামের দুটি নদীর উৎপত্তি ও সমাপ্তি এ জেলার অভ্যন্তরেই। বান্দরবান জেলা প্রশাসন এ জেলার অধিবাসীদের অবিরত সেবা প্রদানের পাশাপাশি জেলার পর্যটন শিল্প ও কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাব্যতা সমগ্র বিশ্বে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির যুগে সেবার মান ও কাজের গতিশীলতা বৃদ্ধি এবং অবাধ তথ্য প্রবাহরে জন্য জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর কার্যালয়-এর প্রত্যক্ষ সহযোগিতায় বান্দারবান জেলা তথ্য বাতায়ন খোলার উদ্যোগ নিয়েছে। আশা করি এ জেলার অধিবাসী, প্রবাসী তথা আপামর জনগণ এতে উপকৃত হবেন। |
|